এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার প্রকাশ করা হয়।
এনসিপি ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যতম অংশীদার।
ইশতেহারে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতকরণ, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি ও কর ফাঁকি রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, প্রবাসী ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা প্রদান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, গণপরিবহন ও আবাসন ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা, বিনিয়োগ ও শিল্পায়ন জোরদার, কূটনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অঙ্গীকার করা হয়েছে।
‘যুবসমাজ ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই দলিলটিতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অবিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে