Views Bangladesh Logo

বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে এনসিপি ও জামায়াত: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত ও এনসিপির কর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

ভোটে কারচুপির আশঙ্কার কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের কর্মীরা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসা-বাড়ি, মেস ও মাদরাসায় অন্তত ২০০ থেকে ৩০০ জন সশস্ত্র অবস্থায় রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তার আশঙ্কা, সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করতে পারেন।

তিনি দাবি করেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিএনপি কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে বলে জানান। কয়েকজনকে ধরে রমনা থানায় দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিপক্ষ ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ ও কারচুপির চেষ্টা করছে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘এভাবে কেন্দ্র দখলের চেষ্টা চলতে থাকলে পরিণতি ভালো হবে না।’

তবে দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে অর্জিত এই নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ