নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ এনসিপির
ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি। প্রয়োজন হলে এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
মনিরা শারমিন অভিযোগ করেন, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান করছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এছাড়া ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি প্রার্থীর চিফ এজেন্টকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে সদস্য সচিব বলেন, সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী ও ভাইকে মারধর এবং মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে। একই এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মিরাজ উদ্দিন হামলার শিকার হন। এছাড়া মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে।
এনসিপির সংবাদ সম্মেলনে জানানো হয়, শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাইয়ের পর সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে প্রশাসন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে অনেক ভোটার কেন্দ্রে গিয়ে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল-৮ আসনে সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগ তোলা হয়। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া পোলিং এজেন্টের উপস্থিতি, নাটোর ও যশোরে সাংবাদিক ও সমর্থকদের ওপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর এবং মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়ার নিন্দা জানানো হয়।
মনিরা শারমিন আরও বলেন, ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ব্যালটে সিল মারা হয়েছে। এই অভিযোগ সত্য হলে এর দায়ভার তারেক রহমানকে নিতে হবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এনসিপি নেতারা সতর্ক করে বলেন, এভাবে জালিয়াতির মাধ্যমে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে