Views Bangladesh Logo

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা তথা ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একে কমিশনের সমাপনী বৈঠক বলে আখ্যা দিয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে, ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫’ জারি করতে সুপারিশ করা হবে। জুলাই সনদ হবে এই আদেশের অংশ। সনদ নয় আদেশের ওপর গণভোট। গণভোটে আদেশটি অনুমোদিত হলে, আগামী সংসদের দ্বৈত ভূমিকা থাকবে। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে 'সংবিধান সংস্কার পরিষদ'।

কমিশন সূত্র জানিয়েছে, সংসদ এবং পরিষদ একই সঙ্গে কাজ করবে। সংসদের স্পিকার হবেন পরিষদের চেয়ারম্যান। সরকার গঠন, আইন ও বাজেট প্রণয়নের মতো নিয়মিত কাজ করবে সংসদ। পরিষদ জুলাই সনদে থাকা সংস্কার বাস্তবায়নের সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করবে। এ জন্য গণভোটের মাধ্যমে পরিষদকে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা তথা কন্সটিটুয়েন্ট পাওয়ার দেওয়া হবে।

বৈঠক সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতা বলে আদেশ জারি করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। যদিও বিএনপি সাংবিধানিক আদেশ জারির বিরুদ্ধে। দলটির অবস্থান হল, বিদ্যমান আইনে প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের দিনে গণভোট আয়োজন সম্ভব। জামায়াত এবং এনসিপি সনদকে আইনী ভিত্তি দিয়ে নির্বাচনের আগে গণভোট দাবি করছে। কমিশন সদস্যরা সমকালকে জানিয়েছে, অভ্যুত্থানের ক্ষমতাবলে জারি করা আদেশই হবে আইনি ভিত্তি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের সব নথি, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসাবে আমরা কোন প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম, তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার।

বৈঠকে সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ