রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু আজ
সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
এই আলোচনার প্রথম বৈঠকটি বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই বৈঠকে অংশ নেবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে কমিশন।
এলডিপির পক্ষে দলটির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয়জনের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন এবং অধ্যাপক ওমর ফারুক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করে। প্রথম ধাপে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোকে ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। অনেক দল ইতোমধ্যে কমিশনের কাছে তাদের অভিমত পেশ করেছে। তবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি দল এখনও তাদের মতামত জমা দেয়নি। বিএনপি আগামী সপ্তাহে এবং জামায়াত ও এনসিপি আরও কয়েক দিনের সময় চেয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে প্রথম ধাপের ছয়টি কমিশনের প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে