Views Bangladesh Logo

প্রথমবার নারী মহাপরিচালক পেল এনবিআরের গোয়েন্দা সেল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তার নেতৃত্বে যাচ্ছে। সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর কর্মকর্তা সেলিনা সুলতানা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের একাধিক আদেশে একযোগে ২২ জন কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই আদেশে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনারের চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার আগে সেলিনা সুলতানা ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাকে এনবিআরের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট সিআইসির শীর্ষ পদে নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সেলিনা সুলতানা।

এনবিআরের আদেশ অনুযায়ী, একই সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর অঞ্চলে কমিশনার পর্যায়ে রদবদল করা হয়েছে। অতিরিক্ত কর কমিশনারদের মধ্য থেকেও ১২ জনকে কর কমিশনারের চলতি দায়িত্ব দেওয়ায় মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল কর ফাঁকি, অবৈধ সম্পদ ও রাজস্বসংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সংস্থার শীর্ষ পদে সেলিনা সুলতানার নিয়োগকে রাজস্ব প্রশাসনে নারীদের নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ