Views Bangladesh Logo

সংস্কারের দাবিতে ফের কলম বিরতি পালন করলেন এনবিআর কর্মকর্তারা

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের দাবিতে ফের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন এনবিআর কর্মকর্তারা।

সোমবার (২৩ জুন) সকাল ৯টায় এনবিআরের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি পালনকালে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানায়।

তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ডাক দেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ‘। শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা অবিলম্বে যৌক্তিক সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে সংস্কারের গতি বিলম্বিত করার অভিযোগ তোলেন।

এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর চত্বরে চেয়ারম্যানকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি‘ হিসেবে ঘোষণা করে।

রাজস্ব অধ্যাদেশ সংশোধনের জন্য গত ১৯ জুন গঠিত ছয় সদস্যের এনবিআর সংস্কার কমিটির সমালোচনা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, ওই কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ জন্য তারা তারা সঠিক প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে।

এদিকে চলতি বছরের ১২ মে একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর পরিবর্তে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন সংস্থা গঠনের নির্দেশনা দেয়া হয়। এরপর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে ২৬ মে সরকার জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে পরামর্শের মাধ্যমে অধ্যাদেশের সংশোধনী চূড়ান্ত করা হবে। নতুন গঠিত কমিটি এই প্রক্রিয়ার অংশ।

অন্যদিকে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ