এনবিআর কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলন ও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে আন্দোলনকারীরা এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
ব্যবসায়ী প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নেন। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের আশ্বাসে আন্দোলনকারীরা তাদের সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এ বিষয়ে রাতে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক জানান, সমস্যার সমাধানে গঠিত উপদেষ্টা কমিটির ওপর আস্থা রেখে এনবিআর কর্মকর্তারা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন। এর ফলে ৩০ জুন থেকে রাজস্ব অফিসগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে।
কমিটির নেতৃত্বে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এই কমিটি চলমান সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে