বেক্সিমকো-বসুন্ধরাসহ ৭ শিল্পগোষ্ঠীর মালিকানা বদলে নিষেধাজ্ঞা
দেশের শীর্ষস্থানীয সাত শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ) শেয়ার ক্রয়-বিক্রয় ও দান অবিলম্বে স্থগিত করতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধককে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ এসব শিল্পগোষ্ঠী মালিকানা বদল করতে পারবে না।
গত ২৯ সেপ্টেম্বর এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত একটি চিঠি আরজেএসসির নিবন্ধককে দেওয়া হয়েছে।
শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে বসুন্ধরা, ওরিয়ন, সামিট ও বেক্সিমকো গ্রুপের কিছু কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত।
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ২২৩ ধারার অধীনে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তবর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় ক্ষমতা সংরক্ষণ করে। চলমান তদন্তে অনুযায়ী, উল্লিখিত কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। জাতীয় স্বার্থে আপনার (আরজেএসসির নিবন্ধক) সহযোগিতা একান্তভাবে কাম্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে