Views Bangladesh Logo

উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম

উৎসে কর (টিডিএস) সঠিকভাবে কাটা ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিম বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন, নথিপত্র যাচাই এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করছে।

শনিবার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তাদের আইনগত ক্ষমতা সম্পর্কে করদাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগ নিশ্চিত করতেই এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

আইন অনুযায়ী, কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসাকেন্দ্র বা প্রাঙ্গণে প্রবেশ করে পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ আর্থিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন নথি পরীক্ষা ও তলব করার ক্ষমতাও তাঁদের রয়েছে।

এ ছাড়া প্রয়োজন হলে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও পরীক্ষা করা যাবে। এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙেও সংশ্লিষ্ট তথ্যে প্রবেশ করা সম্ভব।

উৎসে কর যথাযথভাবে কাটা ও জমা হয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজেদের হেফাজতে রাখার ক্ষমতাও কর কর্মকর্তাদের রয়েছে। একই সঙ্গে তাঁরা প্রয়োজনীয় নথির কপি সংগ্রহ এবং সেগুলোতে শনাক্তকারী সিল বা চিহ্ন ব্যবহার করতে পারবেন।

এনবিআর সতর্ক করে বলেছে, রাজস্ব আহরণসংক্রান্ত এই কার্যক্রমে বাধা দেওয়া বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

সংস্থাটি করদাতাদের সঠিক আইনগত ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ১৪৭ ধারা প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের গঠিত কমিটির সদস্যসচিবের কাছে নির্ধারিত ই-মেইলে (assistance147nbr@gmail.com) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ