বিস্কুটে ভ্যাট অর্ধেক কমালো এনবিআর
হাতে ও মেশিনে তৈরি বিস্কুটে বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এসব পণ্যে ১৫ শতাংশ ভ্যাটের জায়গায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভ্যাট কমানোর কথা জানানো হয়।
অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
বিস্কুটের মত পণ্যে ভ্যাট বসানোয় সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর।
দুই দফায় ব্যবসায়ীরা এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরলে তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে