কর ফাঁকির অভিযোগে ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির অভিযোগে দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে। তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেতা আহমেদ শরীফসহ মোট ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
রোববার (২২ জুন) এনবিআরের কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সংশ্লিষ্ট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করতে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়। চিঠিতে তাদের ব্যাংক হিসাব নম্বর, টিআইএন, পাসপোর্ট নম্বর ও বকেয়া করের পরিমাণ উল্লেখ করা হয়।
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম বাপ্পারাজ, এ কে এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, প্রতিষ্ঠান নৃত্তাঞ্চল, এ কে এম হুমায়ুন কবির এবং মো. মিকাইল হোসেন।
এনবিআর সূত্র জানায়, এই ব্যক্তিদের বিরুদ্ধে ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা পর্যন্ত কর বকেয়ার অভিযোগ রয়েছে।
কর অঞ্চল-১২-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনেকদিন ধরেই তারা কর পরিশোধ করছেন না। যেহেতু চলতি অর্থবছর শেষের পথে, তাই তাদের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী বকেয়া কর পরিশোধ করলে হিসাবগুলো আবার চালু করে দেয়া হবে।’
তালিকায় থাকা প্রতিষ্ঠান ‘নৃত্তাঞ্চল’-এর প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ গণমাধ্যমে বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালের কিছু কর বকেয়া ছিল, যেগুলো আমি কিস্তিতে পরিশোধ করছি। ২০২৪ ও ২০২৫ সালেও নিয়মিত কর দিয়েছি। তারপরও আমার প্রতিষ্ঠানের নাম তালিকায় কেন এসেছে, তা আমার জানা নেই।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে