Views Bangladesh Logo

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

জানুয়ারি ২০২৬ করপর্বের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনায় ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে।

এনবিআরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পবিত্র শবে বরাত ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা সরকারি ছুটির কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করতে পারেনি।

এছাড়া ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়ায় করদাতারা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতার মুখে পড়েন। সার্ভার বিভ্রাটের কারণে সময়মতো অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি অনেকে।

জানা গেছে, এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(১এ) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর। এ বিষয়ে সংস্থাটি বলেছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণজনিত বিলম্বের জন্য যেন ভ্যাট নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো জরিমানার মুখে না পড়ে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর কর্মকর্তারা জানান, ছুটি ও কারিগরি জটিলতার কারণে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে ওঠার জন্য বাড়তি সময় করদাতাদের রিটার্ন জমা প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

ভ্যাট নিবন্ধিত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে জানুয়ারি ২০২৬ করপর্বের রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে রাজস্ব বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ