জাতির স্বার্থে কর্মকর্তাদের কর্তব্যে মনোনিবেশের আহ্বান এনবিআর চেয়ারম্যানের
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব কর্মকর্তাদের ক্ষোভ ভুলে জাতির স্বার্থে দায়িত্ব পালনে মনোনিবেশের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান আবদুর রহমান খান।
সাম্প্রতিক আন্দোলন রাজস্ব আদায়ে কিছু বাধা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, এমন চ্যালেঞ্জের মুখোমুখি আর হব না। সবাইকে অতীতের মতোই দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি’।
সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আবদুর রহমান খান জানান, সকাল পর্যন্ত রাজস্ব আদায় তিন লাখ ৬০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে এবং ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় আরও প্রবৃদ্ধি আশা করা হচ্ছে।
‘আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত পরিসংখ্যান পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তবে, আমরা প্রবৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসী’- বলেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ৬৩ হাজার কোটি টাকা। সরকার প্রথমে চার লাখ ৮০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও পরে তা সংশোধন করে চার লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনে। তা সত্ত্বেও রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে, যা সম্ভাব্যভাবে নতুন রেকর্ড ঘাটতি তৈরি করবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে’। ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
আব্দুর রহমান খান বলেন, ‘সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে ভবিষ্যতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে