ঈদের ছুটিতে খোলা থাকবে সব কাস্টমস হাউস: এনবিআর
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির মধ্যেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। তবে শুধুমাত্র পবিত্র ঈদের দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (৯ মার্চ) এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, দেশের বৈদেশিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ও ঈদের ছুটির সময় অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) সীমিত পরিসরে কাস্টমস হাউসগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টমস হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও নির্দেশনাটি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরই ঈদের ছুটিতে বন্দরে কন্টেইনার জট কমাতে এবং কাঁচামাল ও নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে এনবিআর এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এর ফলে ব্যবসায়ীরা ছুটির মধ্যেও সীমিত আকারে পণ্য খালাস ও রপ্তানির সুযোগ পান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে