Views Bangladesh Logo

এনবিআর বিলুপ্তি: চার দাবিতে চলছে কর্মবিরতি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের বিরুদ্ধে কর্মবিরতি চলছে। সেইসঙ্গে চার দাবিতে প্রধান কার্যালয়সহ এর আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা।

শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে রাজধানীর এনবিআর ভবনসহ সারা দেশের কর, শুল্ক ও ভ্যাট দপ্তরে এ কর্মসূচি শুরু হয়। এর আওতায় কাস্টম হাউস ও শুল্কস্টেশন ছাড়া বাকি সব দপ্তরে কাজ বন্ধ রয়েছে।

শুল্ক ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ পাঁচ দিনের বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তার অংশ হিসেবেই আজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

এনবিআরের নিচতলায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে। এরপর থেকেই রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সরকারের তিন উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও সমাধান মেলেনি।

পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই অধ্যাদেশ সংশোধন করা হবে এবং কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ করা হবে। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসেনি।

আগামীকাল রোববারও কাস্টম হাউস ও শুল্কস্টেশন বাদে কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালিত হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ ছাড়া ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে সব দপ্তরে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ