Views Bangladesh Logo

এনবিআর বিলুপ্তি: কলম বিরতি বাড়ল আরও একদিন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি আরও একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে তারা জানান, আগামীকাল (১৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনবিআরের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এবং উপ-কমিশনার নিপুণ চাকমা।

আসাদুজ্জামান জানান, আগামীকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টার কলম বিরতি চলবে। তবে আগের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম ও জাতীয় বাজেট প্রণয়ন এ কর্মসূচির বাইরে থাকবে।

প্রসঙ্গত, গত ১২ মে মধ্যরাতে অন্তর্বর্তী সরকার এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এর খসড়া অনুমোদন দেয়া হয়েছিল গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে। তবে এনবিআরের কর্মকর্তারা শুরু থেকেই এই উদ্যোগের বিরোধিতা করছেন। তারা বলছেন, সংশ্লিষ্টদের মতামত ছাড়া এমন সংস্কার গ্রহণযোগ্য নয়।

অ্যাসোসিয়েশনভুক্ত অনেক কর্মকর্তাই এর প্রতিবাদে পদত্যাগ করেছেন। এরপর থেকেই ‘ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

আসাদুজ্জামান বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। তবে এই সংস্কার হতে হবে বাস্তবসম্মত, অংশীজনদের মতামতের ভিত্তিতে এবং অভিজ্ঞতা-দক্ষতার মূল্যায়নের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনটি নিয়মতান্ত্রিক হলেও শুক্রবার কিছু বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। ঐক্য পরিষদ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

সবশেষে তিনি সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং বলেন, ‘আলোচনার মাধ্যমে এই অচলাবস্থার সমাধান চাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ