Views Bangladesh Logo

নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুলের বাণী মানুষকে সাহস জোগায়: রিজভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, সাহিত্য ও বাণী অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে সাহস জোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নজরুলের সৃষ্টি মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে কিংবা কোথাও অত্যাচার-নিপীড়ন হলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেয়।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির একটি উৎস। আমি এবং আমার দল আজকে তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি।

নজরুলের সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে নতুন করে চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, নজরুলের মতো মহীরুহ প্রতিভার সাহিত্য ও দর্শন নিয়ে যে চর্চা ও অনুশীলন প্রয়োজন, দেশে তা আবার শুরু হয়েছে। তার লেখনি ও বাণী মানুষকে নির্ভয় করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।

এ সময় রিজভীর সঙ্গে বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ