Views Bangladesh Logo

ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নাঈম হাসানের দুর্দান্ত অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জিততে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান।

উইকেটে পর্যাপ্ত টার্ন ও বাউন্স থাকায় চতুর্থ ইনিংসে এই লক্ষ্য তাড়া করা যেকোনো দলের জন্যই কঠিন বলে বিবেচিত হচ্ছে।

আগের দিন ৬ উইকেটে ৭৯ রান নিয়ে ১০৬ রানের লিড হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অলরাউন্ডার নাঈম। তার ব্যাটে ভর করেই আরও ৬৪ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

গতকাল নাঈমের সঙ্গে অপরাজিত থাকা জাকের আলী অনিক দিনের প্রথম ওভারেই ২২ রানে আউট হন। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের হাতে চলে যায়।

জোমেল ওয়ারিকান ও রস্টন চেজের দুর্দান্ত স্পিন বোলিংয়ের মুখেও নিচের সারির ব্যাটারদের নিয়ে দক্ষতার সঙ্গে ব্যাটিং করে দলকে ১৫০ রানের বেশি লিড এনে দেন নাঈম।

২৯ রানে থাকা অবস্থায় নাঈমের ক্যাচ ফেলেন চেজ। কঠিন উইকেটে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেন এই ব্যাটার। ৮৭ বলে নিজের প্রথম টেস্ট অর্ধশতক পূর্ণ করেন তিনি। ওয়ারিকানের বলে মিডউইকেটে ঠেলে এক রান নিয়ে অর্ধশতক স্পর্শ করেন নাঈম।

তবে শেষ পর্যন্ত চেজের শিকার হন তিনি। লং-অনে ক্যাচ তুলে দিলে নাঈমের ইনিংসের সমাপ্তি ঘটে। একই সঙ্গে বাংলাদেশের ইনিংসও গুটিয়ে দেন চেজ।

চেজ ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। প্রথম ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নেওয়া ওয়ারিকান দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৪ উইকেট শিকার করেন।

মধ্যাহ্নবিরতির আগে জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ