Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে বাল্কহেড ও নৌ-পুলিশের নৌযানের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. মহসিন সরদার (৪৩)। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) রাতে নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপপরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হয়। এ সময় তাঁদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

এরপর টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ-সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এই মর্মান্তিক ঘটনায় সহকর্মীরা সবাই শোকাহত। তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ