Views Bangladesh Logo

টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে একাধিক মামলার আসামিকেও আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) ভোরে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে।
এ সময় আরও উদ্ধার করা হয় ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি। পাশাপাশি আলিখালি এলাকা থেকে নুরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ