Views Bangladesh Logo

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা, পেশাগত সম্পর্ক ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন নৌবাহিনী প্রধান।

সৌদি আরব অবস্থানকালে তিনি দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনাও পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে আইএসপিআর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ