ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বুধবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নৌ পুলিশের পক্ষ থেকে নৌপথে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ, টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অনলাইনে যুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।
বক্তারা নিরাপদ নৌপথ নিশ্চিত করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। নৌ পুলিশের বর্তমান কার্যক্রমের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে ইউনিটের কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শ দেন।
অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ডাকাত যেন যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সে বিষয়ে সজাগ নজরদারি জোরদারের আহ্বান জানান তিনি।
পাশাপাশি নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে নৌ চলাচলে কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চল পুলিশ সুপারদের নির্দেশনা দেন।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন যাত্রী পরিবহন সমিতি, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধিসহ নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে