৩ ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক, ফুটবলে বিস্ময় বালিকা আলেয়া
নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির এক কৃষক পরিবারের মেয়ে মোছা. আলেয়া খাতুন। দারিদ্র্য তার নিত্যসঙ্গী, তবু স্বপ্ন তার আকাশছোঁয়া। জীর্ণ কুটির থেকে উঠে আসা এই কিশোরী এখন গোটা নাটোরের গর্বের নাম। ফুটবল মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ সবাই।
প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ লালপুর উপজেলার হয়ে মাঠে নেমে এক বিরল কীর্তি গড়েছে আলেয়া। টুর্নামেন্টের তিনটি ম্যাচের প্রতিটিতেই হ্যাটট্রিক করে দলকে চ্যাম্পিয়ন করেছে সে। প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে তার হ্যাটট্রিকে লালপুর জেতে ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলাকে ৬-০ গোলে বিধ্বস্ত করতেও তার পায়ে আসে আরও তিনটি গোল। আর ফাইনালে গুরুদাসপুরকে ৪-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লালপুর— সেখানেও হ্যাটট্রিক আলেয়ার। পুরো টুর্নামেন্টে এমন ঝলমলে পারফরম্যান্সের জন্য নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এই কিশোরী।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়ার এই পথচলা কিন্তু মোটেও সহজ ছিল না। চার বোন ও এক ভাইয়ের সংসারে বড় হওয়া এই মেয়ের সবচেয়ে বড় শক্তি তার কৃষক বাবা। বাবার অনুপ্রেরণাতেই নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে যোগ দেয় সে এবং কোচ জুয়েলের তত্ত্বাবধানে নর্থ বেঙ্গল সুগার মিল মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে।
অভাবের চোখরাঙানি উপেক্ষা করে আলেয়ার দুচোখে এখন একটাই স্বপ্ন— লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা ওড়ানো। স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর বিশ্বাস, সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে আলেয়া একদিন হয়ে উঠবে বাংলাদেশের ফুটবলের এক অপরাজেয় নক্ষত্র।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে