শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানী ছাড়াও উত্তরা, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল এবং অতিরিক্ত কঠিন প্রশ্ন করার অভিযোগও তোলেন তারা।
রাজধানীতে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বরের সামনে পুলিশ বাধা দেয়। এরপর নীলক্ষেত ও পলাশী হয়ে শিক্ষার্থীরা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী বোর্ডের গেটের দিকে ইট নিক্ষেপ ও ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলোর মান ছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্রও বৃষ্টিতে নষ্ট হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
রাজধানীর সায়েন্স ল্যাবের কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
কুমিল্লায় ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে কান্দিরপাড়ে প্রতিবাদ সমাবেশের পর মিছিল নিয়ে শিক্ষা বোর্ডে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মূলত শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও সড়ক অবরোধের কারণে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন