Views Bangladesh Logo

আজ থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদেরও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গত ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সারাদেশব্যাপী ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। তবে স্বাস্থ্য বিভাগ কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল থাকায় বিপুল সংখ্যক শিশু বাদ পড়ে যায়। এবারের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মূলত সেই বাদ পড়া শিশুদেরই টিকাদান নিশ্চিত করা হবে।

সংক্রমণের সাত মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে ২১ হাজার ১৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন ১০১ জন এবং বাকি ৯৮৩ জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে। গতকাল শুক্রবারও সারাদেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। আমরা ৬ মাস থেকে ৫ ৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইপিআইয়ের মাধ্যমে নিয়মিত টিকাদান চলবে, পাশাপাশি ক্যাম্পেইনও চলবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এ বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তবে কেবল টিকাদান দিয়েই এই প্রাদুর্ভাব রোখা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্যবিদেরা জানান, হাম নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হতে হবে হাম পরিস্থিতি প্রাদুর্ভাবের পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। প্রাদুর্ভাবের আগের বছর হামে কোনো মৃত্যু ছিল না, এক বছরে আক্রান্ত ছিল মাত্র ১৩২ জন। অনেকে মনে করছেন, বাংলাদেশের জন্য ওই পরিস্থিতিতে ফিরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সংক্রমণের এলাকাগুলো দ্রুত শনাক্ত করে ঝুঁকিপূর্ণ সব শিশুকে টিকার আওতায় আনা এবং সংক্রমণ ঠেকানোর জন্য জোরালো উদ্যোগ না নিলে পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তাঁরা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ