চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের নৈপুণ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে।
তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ২৫ টির উপরে হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল। রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কি অবস্থা আমি জানি না। যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে ৬ মাসের মধ্যে সমাধান হবে।
ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত উপস্থিত না হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মত ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।
অচিরেই সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতামত দিন