প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি স্টেশন মালিকরা
চলমান গ্যাস সংকট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে ৩০ জুলাই ঘোষিত প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।
সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনারে দুর্ঘটনার কারণে সৃষ্ট গ্যাস সংকটে সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবি-দাওয়ার বিষয়ে কার্যকর অগ্রগতি না হওয়ায় আগে ৩০ জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সংগঠনের নেতারা জানান, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিন কমিশন সমন্বয় না হওয়ায় সিএনজি ফিলিং স্টেশন মালিকরা আর্থিক চাপে রয়েছেন। দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও তারা জানান। তবে ভবিষ্যতে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি বহাল রয়েছে।
মতামত দিন