Views Bangladesh Logo

হামের প্রাদুর্ভাব বাড়ায় কাল থেকে জরুরি টিকাদান শুরু

দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের কিছু এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়েছে, যা বিশেষ করে শিশুদের ওপর বেশি প্রভাব ফেলছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি এ কর্মসূচির সুপারিশ করেছে। এটি একটি সমন্বিত প্রতিরোধ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।

এই কর্মসূচির আওতায় পাঁচ বছরের কম বয়সী সব শিশু টিকা পাবে—তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক।

কর্মসূচিটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হবে। পরে পরিস্থিতি অনুযায়ী তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রবিবার সকাল ৯টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে উদ্বোধন হবে এই কর্মসূচির। স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, প্রতিমন্ত্রী পাবনা সদরে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে উদ্বোধন করবেন।

স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছে। তবে জ্বর বা অসুস্থতা থাকলে শিশু সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার কথাও জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ