Views Bangladesh Logo

কলেরা প্রতিরোধে আজ থেকে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

কলেরা প্রতিরোধে ও আক্রান্ত রোগীর স্বাস্থ্যঝুঁকি কমাতে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন বা টিকাদান ক্যাম্পেইন। বিশেষ এই কর্মসূচির আওতায় দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হয়েছে, যা ২১ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এর আগে গত বৃহষ্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ডোজ শেষে নির্ধারিত সময় বিরতি দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টিকাদানের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। এই কর্মসূচির অধীনে ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে টিকার আওতায় আনা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে গর্ভবতী নারীরা এই টিকাদান কর্মসূচির বাইরে থাকবেন।

নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পুরো টিকাদান কর্মসূচির মাধ্যমে সারাদেশে সর্বমোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে থাকা লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি নির্দিষ্ট ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এর পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকা এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার চিহ্নিত কিছু বিশেষ অঞ্চলেও এই টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

প্রসঙ্গত, ভিব্রিও কলেরি নামের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণে কলেরা হয়। মুখে খাওয়ার এই টিকা কলেরা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংক্রমণ হলেও রোগের তীব্রতা অনেক কমিয়ে আনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা গ্রহণের পাশাপাশি সব সময় নিরাপদ সুপেয় পানি পান করা, খাবার সঠিক নিয়মে ঢেকে রাখা এবং পরিচ্ছন্নতার অংশ হিসেবে নিয়মিত হাত ধোয়ার মত মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ