ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী অভিযান ১৪ মার্চ থেকে: প্রধানমন্ত্রী
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার দেশবাসীর উদ্দেশে এক বিশেষ ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এডিস মশার কামড় থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে তিনি ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বর্ষা মৌসুম—বিশেষত জুন থেকে অক্টোবর—ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়। বছরের যেকোনো সময় সংক্রমণের ঝুঁকি রয়েছে। তিন দিন পরিষ্কার পানি জমে থাকলেই সেখানে এডিস মশার প্রজনন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
প্রধানমন্ত্রী সবাইকে ড্রেন, ডোবা ও নর্দমা পরিষ্কার রাখা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা ছাদে পানি জমতে না দেওয়া এবং পানির ট্যাংক ঢেকে রাখার আহ্বান জানান। তিনি বলেন, অন্তত সপ্তাহে একবার বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার করতে হবে।
সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং জনপ্রতিনিধিদের জনগণকে সম্পৃক্ত করে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখা সম্ভব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে