Views Bangladesh Logo

২০ হাজার ৬৭১ জন পাচ্ছেন ‘কৃষক কার্ড’

দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন কৃষক এই কার্ডের আওতায় আসবেন। তারা বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, পহেলা বৈশাখে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১১ এপ্রিল পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে—ভূমিহীন কৃষক (৫ শতকের কম জমি) ২,২৪৬ জন; প্রান্তিক কৃষক (৫–৪৯ শতক) ৯,৪৫৮ জন; ক্ষুদ্র কৃষক (৫০–২৪৯ শতক) ৮,৯৬৭ জন।

এই তালিকা থেকে প্রণোদনার জন্য নির্বাচিত ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সংখ্যা ২০ হাজার ৬৭১ জন, যা মোট কৃষকের প্রায় ১৩.৭ শতাংশ।

প্রাক-পাইলট পর্যায়ে কার্ডধারীরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। পাশাপাশি তারা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন কৃষি সুবিধা গ্রহণ করতে পারবেন।

এর মধ্যে রয়েছে—ন্যায্য মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ ক্রয়; ন্যায্য মূল্যে সেচ সুবিধা; সহজ শর্তে কৃষি ঋণ; স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ব্যবহার; সরকারি ভর্তুকি ও প্রণোদনা; মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য; কৃষি প্রশিক্ষণ ও রোগবালাই নিয়ন্ত্রণ পরামর্শ; কৃষি বীমা সুবিধা; ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয় এবং
বাস্তবায়ন পরিকল্পনা।

মন্ত্রী জানান, এই প্রাক-পাইলট প্রকল্পে সরকারের ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। সফলভাবে বাস্তবায়নের পর ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প চালু করা হবে।

পরবর্তীতে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে। উদ্বোধনের দিন নির্ধারিত ১০টি ব্লকের মধ্যে ৯টিতে কার্ড বিতরণ করা হবে, আর কুমিল্লার একটি ব্লকে ১৭ এপ্রিল আলাদাভাবে বিতরণ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, এই কৃষক কার্ড সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দেওয়া হচ্ছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছভাবে কৃষকদের সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ