জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল, ২ কোটি ৪০ লাখ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল
দেশব্যাপী আগামীকাল রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে এ কার্যক্রম চলবে। তবে দুর্গম এলাকার শিশুদের অন্তর্ভুক্ত করতে ১২ জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে পরবর্তী চার দিন ‘শিশু থেকে শিশুর খোঁজ’ কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বয়সভেদে দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লাখ আইইউ) উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল, ফেরিঘাটসহ জনবহুল এলাকায় ৫০০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল বিতরণ করা হবে। এ কাজে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অপুষ্টিজনিত মৃত্যুহার কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।
জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রশাসনের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করা হবে। স্থানীয়ভাবে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকেও সার্বিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
মতামত দিন