জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) বেলা ২টার দিকে ফল ঘোষণা করা হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, পরীক্ষার মাত্র সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রথম মেধাতালিকা থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে।
যেভাবে ফল জানা যাবে
প্রথমত, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে। সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
দ্বিতীয়ত, ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে ফল দেখা যাবে। এজন্য সাইনইন পেজে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ফলাফল’ অপশন নির্বাচন করলে ফল দেখা যাবে। প্রয়োজনে ফলাফল ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
মেধাতালিকায় স্থান পাওয়াদের করণীয়
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। নির্বাচিত কলেজে চূড়ান্ত ফরম, মার্কসশিট ও ছবি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
এর আগে গত ২৫ এপ্রিল সারাদেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি, যা ভর্তিচ্ছুর সংখ্যার প্রায় সমান।
উল্লেখ্য, আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হলেও গত বছর থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে