Views Bangladesh Logo

তিন দিনের মধ্যে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেবে বাফুফে

হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের জন্য নতুন বিদেশি কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৪ মে) রাজধানীর ফর্টিসে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির এক সভায় ২০ জন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা পর্যালোচনা করা হয়।

সভা শেষে জানানো হয়, প্রাথমিক তালিকা থেকে ১০ জন কোচকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তাদের সাথে সরাসরি আলোচনার পর আগামী তিন দিনের মধ্যেই একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

সভা শেষে গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ জন কোচের সংক্ষিপ্ত তালিকা করেছি। আগামী তিন দিন তাদের সঙ্গে কথা বলে একজনকে চূড়ান্ত করবো।’

একই সভায় মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দল কমিটির সদস্য সাদাত হোসেন এ বিষয়ে বলেন, আয়োজক মালদ্বীপ আমাদের অনুরোধ করেছে যেন জাতীয় দল পাঠাই। তাই আমরা ঠিক করেছি একই সময়ে সান মেরিনো ও মালদ্বীপে খেলা। তাই দুটি ম্যাচই খেলবে জাতীয় দল। আমাদের হাতে অনেক খেলোয়াড় আছে, দল তৈরি করতে সমস্যা হবে না।

নতুন কোচের যোগ্যতা প্রসঙ্গে সাদাত হোসেন জানান, বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ কোচরা তাদের জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন। তিনি বলেন, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে কোচের আবেদন জমা পড়েছে। আমরা আশা করছি, তিন দিনের মধ্যে একজনকে চূড়ান্ত করতে পারব।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ