Views Bangladesh Logo

হামজাকে ছাড়াই ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আসন্ন আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। তবে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী শুরুতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও মূলপর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ, তবু র‍্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে ১৬ মার্চ থেকে ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ফুটবলাররা অনুশীলন করবেন বসুন্ধরা কিংস অ্যারেনাতে।

তবে ঢাকার ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী। তার ক্লাব লেস্টার সিটি ২১ মার্চ ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচ শেষ করে ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে যোগ দেবে এবং ভিয়েতনামের বিপক্ষেও খেলবে। এরপর সেখান থেকে সিঙ্গাপুরে যাবে।

এদিকে ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত শোম। তিনি ১৫ মার্চ দেশে পৌঁছাবেন। এছাড়া জায়ান আহমেদ ১৪ মার্চ, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী ১৬ মার্চ ক্যাম্পে যোগ দেবেন।

জানা গেছে, ক্যাম্পে মোট ৩০ জন খেলোয়াড় থাকবেন। সেখান থেকে ২৩ জনের দল নিয়ে ভিয়েতনাম সফরে যাবে বাংলাদেশ। কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগেই ক্যাম্প শুরু হলেও খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি এই দুটি ম্যাচই বাংলাদেশের ডাগআউটে কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির শেষ ম্যাচ। তার চুক্তি নবায়ন হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ