নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। নারীর অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিও গ্রহণ করা হয়েছে, যা পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় অদম্য নারী পুরস্কারে ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির হাত থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে ৮টি বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
ডা. জোবাইদা রহমান খালেদা জিয়ার দৃঢ়তাকে নারী শক্তি ও নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দর্শন বাস্তবায়িত হচ্ছে।
নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে