Views Bangladesh Logo

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ জাতীয় শহীদ সেনা দিবস

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানা সদর দপ্তরে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) বিদ্রোহের ঘটনায় সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

দেশের ইতিহাসে গভীর শোক ও বেদনার এই দিনটি এখন ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে এ মর্যাদা দেওয়া হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত ওই ঘটনায় সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়। মরদেহ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে। নিহতদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতনের ঘটনা ঘটে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত ছিল।

এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী হারায় তাদের অনেক মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তা, যার প্রভাব পড়ে পুরো সশস্ত্র বাহিনীর মনোবলে। দিনটি শুধু বাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্যই শোকাবহ।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, '২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ