Views Bangladesh Logo

ফেনীতে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি বহু মাদরাসায়

ফেনীর সোনাগাজী উপজেলায় স্বাধীনতা দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে বেশ কয়েকটি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কোথাও কোনো আনুষ্ঠানিক কর্মসূচিও পালন করা হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয়দের অভিযোগ ও সরেজমিন তথ্যে দেখা যায়, বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও বহু মাদরাসায় তা হয়নি।

অভিযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, হাবিবিয়া ইসলামিয়া আরবিয়া মাদরাসা, রশিদিয়া মাদরাসা, সোনাগাজী পৌরসভার রওজাতুল উলুম রহমানিয়া মাদরাসা, সোনাগাজী মডেল মাদরাসা এবং কদমতলা মদিনাতুল উলুম নুরিয়া মাদরাসা।

স্থানীয়রা জানান, স্বাধীনতা দিবসসহ কোনো জাতীয় দিবসেই এসব প্রতিষ্ঠানের বেশিরভাগে পতাকা উত্তোলন বা আনুষ্ঠানিক কর্মসূচি দেখা যায় না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও রয়েছে।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, মাদরাসাগুলো এলাকাবাসীর অনুদান ও শিক্ষার্থীদের টাকায় চলে, অথচ জাতীয় দিবসে পতাকা তোলে না—এটা দুঃখজনক।

আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অনেক মাদরাসায় পতাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় স্ট্যান্ডও স্থাপন করা হয়নি এবং জাতীয় দিবসের কার্যক্রম নিয়মিতভাবে উপেক্ষা করা হয়।

আইন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবসে পতাকা উত্তোলন বাধ্যতামূলক।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করা এবং কর্মসূচি পালন না করা আইনগত অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ