ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ
আজ ২ মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সময় পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।
একাত্তরের অগ্নিঝরা মার্চের দিনটিতে উত্তোলিত হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মধ্যে সোনালি মানচিত্রসহ জাতীয় পতাকা। সেদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাতে সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
পাকিস্তানি শাসকের শোষণ, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ওই সময় ডাকসু নেতাদের উদ্যোগে ব্যাপক সমর্থন পেয়েছিলেন সাধারণ জনগণ। প্রকৃতপক্ষে, সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতার সংগ্রামে উজ্জীবিত হয় এবং মুক্তির পথের যাত্রা শুরু করে।
বিদেশে সর্বপ্রথম, অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে জাতীয় পতাকা উত্তোলন করেন।
আজকের দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সকাল ১০টায় ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’ উদযাপন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডাকসু সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
মতামত দিন