ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শহরের চকবাজার মোড় সংলগ্ন থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পূর্বে স্থাপিত দুটি স্ট্যান্ডে জাতীয় ও দলীয় পতাকা টাঙিয়ে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ ৮-১০ জন নেতাকর্মী। তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
দেবাশীষ নয়ন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর নির্দেশে এবং ফারহান ও কাওসারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে থানা রোডের এই কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে সেখানে ‘জুলাই স্মৃতিসৌধ’ নির্মাণ করা হয় বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে