Views Bangladesh Logo

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

নাটক ও চলচ্চিত্রে মধ্যবিত্তের জীবন, সমাজের অসংগতি এবং মানুষের চেনা বাস্তবতা তুলে ধরে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৫৬ বছর বয়সে মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক।

জানা গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগে মাতিয়া বানু শুকুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এক বছরের বেশি সময় আগে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসা চলছিল। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর কাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সমাজের পরিচিত মানুষের জীবনসংগ্রাম ও বাস্তবতার চিত্রায়ণ। তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তাঁর মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ