প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে জাতীয় সমন্বয় কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। রোববার (১৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়, যা সোমবার গণমাধ্যমে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি প্রধানমন্ত্রী, সহ-সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান সমন্বয়ক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন সিআইডি ও এসএসইউর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা।
কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করবে এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি দেশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করবে। প্রচলিত আইন ও বিধি-বিধান পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধন বা নতুন আইন প্রণয়নে সুপারিশ এবং সংশ্লিষ্ট সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্মগুলো নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণ করাও কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে।
কমিটির সচিবালয়ের দায়িত্ব পালন করবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। তবে সভাপতির নির্দেশক্রমে পরবর্তী সময়ে অন্য যেকোনো গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনী নির্ধারিত মেয়াদে সচিবালয়ের দায়িত্ব পালন করতে পারবে। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে