প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের প্রধানের সভাপতিত্বে বৈঠকে সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে, সে বিষয়ে কমিশন প্রধানকে অবহিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক ও সফর রাজ হোসেন উপস্থিত ছিলেন। পরে আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে