জুলাইয়ের মধ্যে ‘জাতীয় সনদ’ প্রস্তুত হবে: আলী রীয়াজ
চলতি বছরের জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ যে, জুলাই মাসের মধ্যেই আমরা জাতীয় সনদ প্রস্তুত করতে পারব। এ লক্ষ্যে আপনাদের (রাজনৈতিক দলগুলোর) সহযোগিতা, সময় দেওয়া এবং ইতিবাচক অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমরা আশা করছি, প্রক্রিয়াটি অব্যাহত থাকলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। সমস্ত বিষয়ে একমত হওয়া হয়তো সম্ভব নয়, তবে জাতি ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে খানিকটা ছাড় দিয়ে হলেও একটি জাতীয় ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারব বলে প্রত্যাশা করছি।
বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
আজকের আলোচনায় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, ১৭, ১৮ ও ১৯ জুন — তিন দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা চলবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে