Views Bangladesh Logo

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম কমেডি অভিনেতা সেলিম কুমার আর নেই

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় মালায়লম অভিনেতা সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

কিডনির জটিলতা, লিভার সিরোসিস ও ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন এই অভিনেতা। কয়েক বছর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর মাত্র একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা ডায়ালিসিসসহ সব ধরনের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে মারা যান।

সেলিম কুমারের কর্মজীবন শুরু হয়েছিল থিয়েটার ও মিমিক্রি (নকল করার শিল্প) দিয়ে। সেখানে দারুণ সফলতার পর ১৯৯৭ সালে ‘ইশতামনু নুরু ভাট্টাম’ চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। কৌতুক ও বৈচিত্র্যময় চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দ্রুত মালায়লম সিনেমার অন্যতম শীর্ষ অভিনেতা হয়ে ওঠেন।

তার অভিনীত ‘সত্যমেব জয়তে’, ‘থেনকাসিপট্টিনম’, ‘ওয়ান ম্যান শো’, ‘মীসা মাধবন’ এবং ‘কল্যাণরামন’-এর মতো অসংখ্য সিনেমা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

শুধু কমেডি নয়, সিরিয়াস চরিত্রেও তিনি ছিলেন অনন্য। ‘আচানুরাংগাথা ভিদু’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তীতে ‘আদামিন্তে মাকান আবু’ সিনেমার জন্য ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও কেরালা রাজ্য পুরস্কার লাভ করেন। তার আকস্মিক মৃত্যুতে মালায়লম চলচ্চিত্র অঙ্গনসহ পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ