Views Bangladesh Logo

রাতে সারা দেশে ১ মিনিটের ব্ল্যাকআউট

 VB  Desk

ভিবি ডেস্ক

জ ২৫ মার্চ, বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াল কালরাত। ১৯৭১ সালের এই রাতে মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চালায় ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। 'অপারেশন সার্চলাইট' নামক পরিকল্পনার আওতায় তারা নির্বিচারে হত্যা করে লাখো বাঙালিকে। এই নির্মম হত্যাযজ্ঞ আজও বিশ্বের ইতিহাসে এক ঘৃণ্য অধ্যায় হিসেবে চিহ্নিত।

গবেষকদের মতে, শুধুমাত্র ২৫ মার্চ রাতে ঢাকাসহ আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। তবে এ পরিস্থিতিতেও সাহসী বাঙালি ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতেই ২৬ মার্চের প্রথম প্রহরে, পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

বাঙ্গালি জাতির এই বেদনাদায়ক স্মৃতির স্মরণে ২০১৭ সালে সরকার ২৫ মার্চকে 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সারাদেশে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশের মানুষ দাঁড়িয়ে সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এ কর্মসূচির বাইরে থাকবে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ২৫ মার্চের গণহত্যা নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনে গণহত্যা সংক্রান্ত দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারেও প্রচারিত হবে।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জোহরের পর বা সুবিধাজনক সময়ে দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর সন্ধ্যা সাড়ে ৬টায় জাদুঘরের শিখা চিরন্তন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করবে। বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত নাট্য সংগঠন একটি ‘লালযাত্রা’ কর্মসূচির আয়োজন করবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সন্ধ্যা ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ‘আলোক প্রজ্বালন ও শপথ’ কর্মসূচি পালন করবে। জাতীয় মুক্তি কাউন্সিল বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ