মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নাসিরউদ্দিন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে যান। মির্জা আব্বাস এ কেন্দ্রেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে ঘিরে এবার অংশগ্রহণের দিক থেকে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। এ নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। সব মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে