ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়ম করেছেন।
পাটওয়ারী অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোট অবৈধভাবে ধানের শীষের পক্ষে গণনাভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার সরাসরি এই অনিয়মে জড়িত ছিলেন এবং রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।
তিনি সার্বিকভাবে ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। পাশাপাশি অবৈধভাবে গণনাভুক্ত বাতিল ভোট বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশ এবং পুনঃগণনা না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান স্থগিত রাখার দাবি জানান।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে