Views Bangladesh Logo

ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপ

ঝিনাইদহে জুমার নামাজের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে শহরের পুরোনো কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। সেই সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করার পাশাপাশি হকি স্টিক দিয়ে তাকে আঘাত করে বলে জানা গেছে।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলায় তিনজনের মাথায় গুরুতর আঘাতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাটোয়ারী দাবি করেন, সে সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়েছে। একই সঙ্গে হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

জানা গেছে, এ ঘটনার পর স্থানীয় থানায় আশ্রয় নেন নাসিরুদ্দিন পাটোয়ারী। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরও অভিযোগ করেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা থানা এলাকার কাছাকাছি জায়গায় আবারও হামলার উদ্দেশ্যে অবস্থান নিচ্ছেন।

উল্লেখ্য, এনসিপি নেতার ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জানুয়ারি মাসে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় একটি প্রচারণামূলক সমাবেশের সময় তাকে লক্ষ্য করে ডিম ও নোঙরা পানি ছুড়ে মারা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ